SBI, PNB ও Canara Bank এক হয়ে যাচ্ছে? সত্যিই কি তাই? যা জানাল কেন্দ্র সরকার

On: Friday, July 3, 2026 8:53 PM
---Advertisement---

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি পোস্ট ঘিরে উদ্বেগে পড়েছেন দেশের বহু ব্যাঙ্ক গ্রাহক। দাবি করা হচ্ছে, দেশের তিনটি বড় সরকারি ব্যাঙ্ক—স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI), পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) এবং কানাড়া ব্যাঙ্ক (Canara Bank) একত্রিত হতে চলেছে। একটি সংবাদপত্রের কাটিংয়ের মতো দেখতে ছবিও ভাইরাল হয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, সত্যিই কি নতুন করে ব্যাঙ্ক মার্জারের পথে হাঁটছে কেন্দ্র?

এই জল্পনার মধ্যেই বিষয়টি নিয়ে স্পষ্ট অবস্থান জানাল কেন্দ্রীয় সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরোর (PIB) ফ্যাক্ট চেক বিভাগ জানিয়েছে, তিনটি সরকারি ব্যাঙ্কের একীভূত হওয়ার দাবি সম্পূর্ণ ভুয়ো। এই সংক্রান্ত যে ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, সেটিও আসল নয়।

পিআইবি জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের তরফে এসবিআই, পিএনবি এবং কানাড়া ব্যাঙ্ককে একত্রিত করার কোনও প্রস্তাব গৃহীত হয়নি বা অনুমোদন দেওয়া হয়নি। ফলে এই মুহূর্তে তিনটি ব্যাঙ্কের মার্জার নিয়ে যে দাবি করা হচ্ছে, তার কোনও ভিত্তি নেই।

এক্স হ্যান্ডেলে ভাইরাল পোস্টের ছবিটি শেয়ার করে পিআইবি জানায়, এটি কোনও সরকারি বিজ্ঞপ্তি বা স্বীকৃত সংবাদপত্রে প্রকাশিত খবর নয়। তাই এমন তথ্য বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, অতীতে একাধিক সরকারি ব্যাঙ্কের সংযুক্তিকরণ হওয়ায় নতুন করে এই ধরনের গুজব অনেকের মধ্যেই বিভ্রান্তি তৈরি করেছে। তবে এবার কেন্দ্র স্পষ্ট করে দিয়েছে, এসবিআই, পিএনবি ও কানাড়া ব্যাঙ্কের ক্ষেত্রে এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

পিআইবি সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছে, ব্যাঙ্কিং বা সরকারি নীতি সংক্রান্ত যে কোনও তথ্য শুধুমাত্র সরকারি সূত্র বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল ঘোষণার ভিত্তিতে যাচাই করতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কোনও পোস্ট বা ছবি দেখে তা শেয়ার করার আগে তথ্যের সত্যতা নিশ্চিত করারও আবেদন জানানো হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now