১ জুলাই থেকে বড় বদল! আধার-ক্রেডিট কার্ড থেকে পাসপোর্ট, বাড়বে খরচ?

On: Sunday, June 28, 2026 9:41 PM
---Advertisement---

জুলাই মাসের শুরু থেকেই দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত একাধিক পরিষেবায় কার্যকর হতে চলেছে নতুন নিয়ম। আধার কার্ড আপডেট থেকে শুরু করে পাসপোর্টের ফি এবং বিভিন্ন ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের সুবিধা— সব ক্ষেত্রেই আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। ফলে নতুন মাসে কিছু ক্ষেত্রে স্বস্তি মিললেও, কিছু পরিষেবার জন্য গ্রাহকদের বাড়তি খরচের মুখে পড়তে হবে।

সবচেয়ে বড় স্বস্তির খবর আধার কার্ড ব্যবহারকারীদের জন্য। ১ জুলাই থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আধারের ই-মেল ঠিকানা বিনামূল্যে আপডেট করা যাবে। এতদিন এই পরিষেবার জন্য ৭৫ টাকা ফি দিতে হত। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে আপাতত সেই চার্জ মকুব করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই বিষয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)।

অন্যদিকে বিদেশ ভ্রমণের পরিকল্পনা থাকলে এবার একটু বেশি খরচের জন্য প্রস্তুত থাকতে হবে। ১ জুলাই থেকে সাধারণ এবং তৎকাল— উভয় ধরনের পাসপোর্টের পরিষেবা ফি বাড়ানো হচ্ছে। ৩৬ পাতার সাধারণ পাসপোর্টের ফি ১,৫০০ টাকা থেকে বেড়ে ২,৫০০ টাকা হবে। ৬০ পাতার পাসপোর্টের জন্য ২,০০০ টাকার বদলে দিতে হবে ৩,৫০০ টাকা।

তৎকাল পরিষেবার ক্ষেত্রেও বাড়ছে খরচ। ৩৬ পাতার তৎকাল পাসপোর্টের ফি ৩,৫০০ টাকা থেকে বেড়ে হবে ৫,০০০ টাকা। আর ৬০ পাতার তৎকাল পাসপোর্টের জন্য ৪,০০০ টাকার পরিবর্তে দিতে হবে ৬,০০০ টাকা। এছাড়া হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত পাসপোর্ট পুনরায় ইস্যু করাতেও বাড়তি ফি ধার্য করা হয়েছে। তবে আট বছর পর্যন্ত শিশু এবং ৬০ বছরের বেশি বয়সি প্রবীণ নাগরিকরা ফি-তে ১০ শতাংশ ছাড় পাবেন।

ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্যও জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন নিয়ম। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফোনপে এসবিআই ক্রেডিট পার্পল এবং ফোনপে এসবিআই ক্রেডিট কার্ড সিলেক্ট ব্ল্যাক গ্রাহকদের রিওয়ার্ড পয়েন্টের কাঠামোয় পরিবর্তন আনছে। কোন ধরনের লেনদেনে কত রিওয়ার্ড পয়েন্ট মিলবে, তার নতুন নিয়ম ইতিমধ্যেই প্রকাশ করেছে ব্যাঙ্ক।

এছাড়া এইচডিএফসি ব্যাঙ্কের নির্দিষ্ট ক্রেডিট কার্ডধারীদের জন্যও বদল আসছে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহারের সুবিধায়। ১ জুলাই থেকে দেশীয় বিমানবন্দরের লাউঞ্জ প্রতি তিন মাসে একবার বিনামূল্যে ব্যবহার করা যাবে। তবে এই সুবিধা পেতে হলে আগের তিন মাসে সংশ্লিষ্ট ক্রেডিট কার্ডে অন্তত ৬০ হাজার টাকার লেনদেন করতে হবে।

নতুন মাসের শুরুতেই এই পরিবর্তনগুলি কার্যকর হওয়ায় আধার, পাসপোর্ট বা ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের আগেভাগেই নতুন নিয়ম সম্পর্কে জেনে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এতে প্রয়োজনীয় পরিষেবা নেওয়ার সময় অপ্রত্যাশিত সমস্যা বা অতিরিক্ত খরচ এড়ানো সম্ভব হবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now