রাজ্যের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের জন্য মানবিক ভাতা বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা আগেই করেছিল নতুন সরকার। এবার প্রশ্ন একটাই—কবে থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি টাকা জমা পড়বে? এই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন সরকারের দুই মন্ত্রী।
নতুন বাজেটে ঘোষণা করা হয়েছে, সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির আওতায় বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং মানবিক ভাতার পরিমাণ মাসিক ৫০০ টাকা করে বাড়ানো হবে। ফলে এতদিন যাঁরা মাসে ১,০০০ টাকা পেতেন, তাঁরা এবার থেকে ১,৫০০ টাকা করে পাবেন। অর্থাৎ বছরে মোট ১৮ হাজার টাকা আর্থিক সহায়তা মিলবে।
পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর তথ্য অনুযায়ী, রাজ্যে প্রায় ৬০ লক্ষ বিশেষ ভাবে সক্ষম মানুষ রয়েছেন। তাঁদের মধ্যে যোগ্য উপভোক্তারাও বর্ধিত মানবিক ভাতার সুবিধা পাবেন। একইভাবে বার্ধক্য ও বিধবা ভাতার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও সরাসরি ১,৫০০ টাকা করে পাঠানো হবে।
নতুন করে যাঁরা এই প্রকল্পগুলিতে আবেদন করতে চান, তাঁদের জন্যও ব্যবস্থা রাখা হচ্ছে। প্রথম দফার জনকল্যাণ শিবিরে আবেদন করতে না পারা ব্যক্তিরা আগামী জনকল্যাণ শিবিরে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। সেখানে সরকারি কর্মীরা আবেদনপত্র পূরণ এবং জমা দেওয়ার ক্ষেত্রেও সহায়তা করবেন।
বর্ধিত ভাতা কবে থেকে মিলবে, সেই বিষয়ে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, ‘‘আগামী দু’মাসের মধ্যে বিভিন্ন ধরনের যেসব আর্থিক অনুদান সংক্রান্ত ভাতা রয়েছে, সেগুলি দেওয়ার চেষ্টা করা হবে।’’ অন্যদিকে মন্ত্রী দিলীপ ঘোষও জানিয়েছেন, ‘‘শীঘ্রই বর্ধিত হারে বার্ধক্য এবং বিধবা ভাতা দেওয়া শুরু হবে।’’
উল্লেখ্য, জুন মাসে উপভোক্তারা আগের হারেই ভাতা পেয়েছেন। ফলে নতুন হারে অর্থপ্রদান শুরু হলে মাসিক ১,৫০০ টাকা করে ভাতা পাওয়ার অপেক্ষায় রয়েছেন লক্ষ লক্ষ উপভোক্তা।






