কিয়ারা আডবাণীর মাসির প্রেমে পড়েছিলেন সলমন! জানেন কে ছিলেন অভিনেতার প্রথম ভালোবাসা?

On: Saturday, June 27, 2026 10:38 PM
---Advertisement---

ষাট পেরিয়েও বলিউডের অন্যতম চর্চিত ব্যাচেলর সালমান খান (Salman Khan)। তাঁর ব্যক্তিগত জীবন, বিশেষ করে প্রেমের সম্পর্ক নিয়ে কৌতূহলের শেষ নেই। সঙ্গীতা বিজলানি (Sangeeta Bijlani), সোমি আলি (Somy Ali), ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan), ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)— একাধিক অভিনেত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বহুবার আলোচনা হয়েছে। তবে খুব কমই আলোচনায় আসে তাঁর প্রথম প্রেমের গল্প। আর সেই গল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে কিয়ারা আডবাণী (Kiara Advani)-র পরিবারেরও একটি বিশেষ যোগসূত্র।

অভিনয়ে আসার আগেই, মাত্র ১৯ বছর বয়সে, শাহীন জাফরির প্রেমে পড়েছিলেন সলমন। সে সময় তিনি মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে পড়তেন। শোনা যায়, শাহীনকে এক ঝলক দেখার জন্য কলেজের বাইরেও অপেক্ষা করতেন তিনি। শুধু সলমনই নন, তাঁর পরিবারের সদস্যরাও শাহীনকে পছন্দ করতেন এবং তাঁকে ভবিষ্যতের পুত্রবধূ হিসেবে দেখতে চেয়েছিলেন। কিন্তু সেই সম্পর্ক শেষ পর্যন্ত বিয়ের মণ্ডপে পৌঁছায়নি।

শাহীন জাফরি ছিলেন কিংবদন্তি অভিনেতা অশোক কুমার (Ashok Kumar)-এর নাতনি। তাঁর বাবা হামিদ জাফরির প্রথম পক্ষের মেয়ে ছিলেন শাহীন। হামিদের দ্বিতীয় স্ত্রী ছিলেন অশোক কুমারের কন্যা ভারতী। হামিদের প্রথম পক্ষের আর এক মেয়ে জেনি জাফরির কন্যাই বর্তমান বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণী। সেই সূত্রে শাহীন জাফরি কিয়ারার মাসি।

কয়েক বছর আগে ভারতী জাফরি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘সলমন ও শাহীন একে অপরের বাড়িতে যাতায়াত করত। তখন সলমনের বয়স ১৯। শাহীন ছিল সলমনের প্রথম প্রেম। কিন্তু সলমন সিনেমায় ঢোকার পর সঙ্গীতার প্রেমে পড়ে। তার পরই সম্পর্ক ভেঙে যায় দু’জনের।’’

শাহীনের সঙ্গে বিচ্ছেদের পর সলমনের জীবনে আসেন সঙ্গীতা বিজলানি। দীর্ঘ প্রায় এক দশক সম্পর্কে ছিলেন তাঁরা। এমনকি তাঁদের বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছিল বলে দীর্ঘদিন ধরেই বলিউডে প্রচলিত। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্কও ভেঙে যায়। এরপর সোমি আলি, ঐশ্বর্যা রাই বচ্চন এবং ক্যাটরিনা কইফের সঙ্গে সলমনের সম্পর্কও বিভিন্ন সময়ে শিরোনামে উঠে এসেছে। বর্তমানে রোমানিয়ার গায়িকা লুলিয়া ভান্তুর (Iulia Vântur)-এর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা রয়েছে। যদিও এই বিষয়ে দু’জনের কেউই প্রকাশ্যে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now