ভারতের স্মার্টফোন বাজারে নতুন প্রতিযোগিতার ইঙ্গিত মিলছে। একদিকে প্রিমিয়াম সেগমেন্টে নতুন রেনো ১৬ সিরিজ় নিয়ে হাজির হচ্ছে ওপো, অন্যদিকে বাজেট ক্রেতাদের লক্ষ্য করে নতুন এন সিরিজ় আনছে ওয়ানপ্লাস। ফলে আগামী কয়েক দিনের মধ্যেই বিভিন্ন দামের একাধিক নতুন স্মার্টফোনের বিকল্প পেতে চলেছেন ক্রেতারা।
সূত্রের খবর, ওপো ভারতে রেনো ১৬ এবং রেনো ১৬ প্রো— এই দুই মডেল লঞ্চ করতে চলেছে। নতুন সিরিজ়ে সংস্থা বিশেষ গুরুত্ব দিয়েছে ক্যামেরা প্রযুক্তি এবং কৃত্রিম মেধা (AI) নির্ভর ফটো ফিচারের উপর। ফলে ছবি তোলা এবং এডিটিংয়ের ক্ষেত্রে ব্যবহারকারীরা একাধিক নতুন সুবিধা পেতে পারেন।
রেনো ১৬ মডেলে ৬.৩২ ইঞ্চির ১.৫কে AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। প্রসেসর হিসেবে থাকতে পারে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৮৫০০ চিপসেট। অন্যদিকে, রেনো ১৬ প্রোতে সংস্থা আরও শক্তিশালী পারফরম্যান্সের উপর জোর দিয়েছে। সূত্রের দাবি, এই ফোনে ব্যবহার করা হতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ ফ্ল্যাগশিপ প্রসেসর।
দু’টি স্মার্টফোনেই ৬,৫০০ থেকে ৭,০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি থাকতে পারে বলে জানা গিয়েছে। পাশাপাশি নতুন ডিভাইসগুলি অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেমে চলবে বলেও সূত্রের দাবি। দাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও, এগুলি প্রিমিয়াম সেগমেন্টেই রাখা হতে পারে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, ৩০ জুন ভারতে নতুন এন সিরিজ়ের স্মার্টফোন আনছে ওয়ানপ্লাস। সংস্থার লক্ষ্য মূলত বাজেট সেগমেন্টের ক্রেতারা। জানা গিয়েছে, নতুন সিরিজ়ের ফোনে প্রায় ৮,০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি থাকতে পারে, যা দীর্ঘ সময় চার্জ ব্যাকআপ দিতে সক্ষম হবে।
ক্যামেরার ক্ষেত্রেও একাধিক আকর্ষণীয় ফিচার থাকতে পারে। ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপের পাশাপাশি সামনে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে। এছাড়া ১৪৪ হার্ৎজ় রিফ্রেশ রেটের ডিসপ্লে গেমিং ও ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরও উন্নত করবে বলেই আশা করা হচ্ছে।
প্রযুক্তি বিশ্লেষকদের একাংশের মতে, নতুন এন সিরিজ়ের সঙ্গে ওয়ানপ্লাস নর্ড CE 6-এর কিছু নকশাগত মিল থাকতে পারে। তবে দামের ক্ষেত্রে থাকবে বড় পার্থক্য। সংস্থার দাবি, নতুন সিরিজ়ের স্মার্টফোনের দাম ২০ হাজার টাকার নিচেই রাখা হবে।
বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টরের দাম বৃদ্ধি পাওয়ায় স্মার্টফোনের উৎপাদন খরচ বাড়ছে। তার মধ্যেই বিভিন্ন দামের নতুন মডেল বাজারে এনে ক্রেতাদের আকৃষ্ট করার কৌশল নিয়েছে স্মার্টফোন নির্মাতারা। ফলে প্রিমিয়াম এবং বাজেট— দুই ক্ষেত্রেই ভারতীয় বাজারে প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে।






