মোবাইল রিচার্জে বাড়তি সুবিধা খুঁজছেন? গ্রাহকদের জন্য নতুন অফার নিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL। ‘ফাদার্স ডে’ উপলক্ষে নির্দিষ্ট দুটি প্রিপেড প্ল্যানে অতিরিক্ত মোবাইল ডেটা দেওয়ার ঘোষণা করেছে সংস্থাটি। বিশেষ এই অফারে কোনও অতিরিক্ত খরচ ছাড়াই বোনাস ডেটা পাওয়া যাবে।
সম্প্রতি নিজেদের সোশ্যাল মিডিয়া প্রচারাভিযান #RechargeForPapa-এর মাধ্যমে এই অফারের কথা জানিয়েছে BSNL। সংস্থার বক্তব্য, পরিবারের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই অফার সীমিত সময়ের জন্য চালু রয়েছে। ২১ জুন থেকে শুরু হওয়া এই সুবিধা পাওয়া যাবে ৩০ জুন, ২০২৬ পর্যন্ত। অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে রিচার্জ করলেই গ্রাহকরা অতিরিক্ত ডেটার সুবিধা পাবেন।
অফারের আওতায় রয়েছে ৯৯৭ টাকা এবং ১,৯৯৯ টাকার দুটি দীর্ঘমেয়াদি প্রিপেড প্ল্যান।
৯৯৭ টাকার প্ল্যানে ১৫০ দিনের বৈধতা মিলবে। এর সঙ্গে প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা, দেশের যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি বিনামূল্যের এসএমএসের সুবিধা রয়েছে। বর্তমানে এই প্ল্যানে রিচার্জ করলে অতিরিক্ত ৫ জিবি ডেটাও পাওয়া যাবে।
অন্যদিকে ১,৯৯৯ টাকার প্ল্যানটি মূলত দীর্ঘ সময়ের জন্য রিচার্জ করতে ইচ্ছুক গ্রাহকদের কথা ভেবেই তৈরি করা হয়েছে। প্রায় ১১ মাস বা ৩৩০ দিনের বৈধতা রয়েছে এই প্ল্যানে। প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং ১০০টি বিনামূল্যের এসএমএসের পাশাপাশি গ্রাহকরা পাবেন অতিরিক্ত ১০ জিবি বোনাস ডেটা।
টেলিকম বাজারে প্রতিযোগিতা ক্রমশ বাড়ছে। সেই পরিস্থিতিতে দীর্ঘমেয়াদি বৈধতা এবং অতিরিক্ত ডেটার সুবিধা দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করার চেষ্টা করছে BSNL। যাঁরা ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান এবং একসঙ্গে দীর্ঘ সময়ের জন্য সংযোগ বজায় রাখতে চান, তাঁদের কাছে এই অফার আকর্ষণীয় বিকল্প হয়ে উঠতে পারে।







