রাজ্যে বন্ধ হচ্ছে মিড-ডে মিল! স্কুলে স্কুলে চালু ‘পিএম পোষণ’, পড়ুয়ারা কী পাবে এই সরকারি প্রকল্পে? 

On: Monday, June 22, 2026 11:06 PM
---Advertisement---

রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে চালু হল ‘পিএম পোষণ’ বা প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ প্রকল্প। দীর্ঘদিন ধরে ‘মিড-ডে মিল’ নামে পরিচিত এই কর্মসূচি এখন নতুন কাঠামোয় পরিচালিত হবে। নতুন সরকারের প্রথম বাজেটেই স্কুলপড়ুয়াদের পুষ্টিকর খাবারের মানোন্নয়নে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে।

সোমবার বিধানসভায় বাজেট পেশের সময় জানানো হয়, প্রাথমিক বিদ্যালয়ের মধ্যাহ্নভোজের জন্য উপকরণ বাবদ বরাদ্দ বৃদ্ধি করে ১০ টাকা করা হবে। সরকারের দাবি, এর ফলে শিশুদের আরও উন্নত ও পুষ্টিকর খাবার সরবরাহ করা সম্ভব হবে।

এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছেন, ISKCON-এর সহযোগিতায় কলকাতা পুরসভা এলাকার স্কুলগুলিতে রান্না করা পুষ্টিকর খাবার সরবরাহের বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে খাবারের মান ও স্বাস্থ্যবিধি আরও উন্নত করার চেষ্টা করা হবে বলে মনে করছে প্রশাসন।

নতুন নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি বিদ্যালয়ে পাঁচ সদস্যের একটি ‘পিএম পোষণ কমিটি’ গঠন বাধ্যতামূলক করা হয়েছে। এই কমিটিতে দুই জন অভিভাবক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা, একজন নোডাল শিক্ষক এবং স্বনির্ভর গোষ্ঠীর একজন প্রতিনিধি থাকবেন। খাবারের মান, নির্ধারিত মেনু মেনে রান্না হচ্ছে কি না এবং পরিবেশনের সামগ্রিক প্রক্রিয়ার উপর নজরদারি চালাবে এই কমিটি।

মালদহের Barlow Girls’ High School-এর প্রধান শিক্ষিকা দিপশ্রী মজুমদার জানিয়েছেন, “সরকারি নির্দেশ অনুসারে ইতিমধ্যেই বৈঠক করে কমিটি গঠন করা হয়েছে। আগে ইংরেজবাজার পুরসভার মাধ্যমে মিড-ডে মিল পরিচালিত হত। এখন পুরো দায়িত্ব বিদ্যালয়ের হাতে আসায় খাবারের গুণগত মান আরও ভালোভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। পরিবেশনের আগে খাবার পরীক্ষা করা হবে এবং প্রতিদিন কমিটির সদস্যরা নজরদারি চালাবেন।”

শিক্ষা মহলের একাংশের মতে, বিদ্যালয়ভিত্তিক এই তদারকি ব্যবস্থা চালু হলে খাবারের মান নিয়ে অভিযোগ কমতে পারে। একই সঙ্গে অভিভাবকদের সরাসরি যুক্ত করার ফলে প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতাও বাড়বে বলে আশা করা হচ্ছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now