ফোন পকেটে রেখেই কথা বলা, ছবি তোলা, ভিডিও করা— এমনকি ভয়েস কমান্ডে কাজ করা যাবে। প্রযুক্তির জগতে নতুন চমক আনতে চলেছে Apple। এবার স্মার্ট চশমা বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে মার্কিন এই টেক জায়ান্ট।
প্রতিবেদন অনুযায়ী, অ্যাপলের এই স্মার্ট গ্লাসের পোশাকি নাম ‘এন৫০’। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের সূত্রে জানা যাচ্ছে, চলতি বছরের শেষে ডিভাইসটি আনার পরিকল্পনা থাকলেও তা পিছিয়ে যেতে পারে। নতুন সম্ভাব্য সময়সীমা হিসেবে উঠে এসেছে ২০২৭ সালের শুরু।
এই স্মার্ট চশমায় থাকতে পারে ডিম্বাকৃতি ক্যামেরা। পাশাপাশি ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী একাধিক ফ্রেম ও রঙে ডিভাইসটি বাজারে আনার পরিকল্পনাও করছে কোম্পানি। শুধু বিনোদন বা যোগাযোগ নয়, ভবিষ্যতে একে স্বাস্থ্য-সহায়ক ডিভাইস হিসেবেও উন্নত করার ভাবনাও রয়েছে অ্যাপলের।
প্রযুক্তি বিশেষজ্ঞদের অনুমান, এই স্মার্ট গ্লাসের দাম থাকতে পারে ২০০ থেকে ৫০০ ডলারের মধ্যে, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৯ হাজার থেকে ৪৭ হাজার টাকা।
এই ডিভাইস বাজারে এলে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামবে রে-ব্যান, ওকলি, পার্সোল এবং ওয়ারবির মতো জনপ্রিয় চশমা ব্র্যান্ডগুলির সঙ্গে।
এর আগে ২০১৫ সালে স্মার্ট ওয়াচ বাজারে এনে প্রযুক্তি দুনিয়ায় বড় সাফল্য পেয়েছিল অ্যাপল। এবার সেই একই কৌশলেই স্মার্ট চশমা দিয়ে নতুন বাজার দখলের লক্ষ্য নিয়েছে কোম্পানিটি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।







