টলিউডে স্বরূপ বিশ্বাসকে ঘিরে বিতর্ক এবং তাঁর গ্রেফতারির পর শিল্পীমহলে নানা প্রতিক্রিয়া সামনে আসছে। এরই মধ্যে অভিনেতা ও সাংসদ দেব-এর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, পোস্টের ক্যাপশনেই লুকিয়ে রয়েছে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য।
শনিবার দেব নিজের এবং অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য-র একটি ছবি প্রকাশ করেন। দু’জনই বর্তমানে আসন্ন ছবি দেশু ৭-এ একসঙ্গে কাজ করছেন। ছবির সঙ্গে দেব লেখেন, ‘‘৭২ ঘণ্টা… সময় বদলায়, বিশ্বাস বদলায়, সত্যি কখনও বদলায় না। বন্যেরা বনে সুন্দর, শিল্পীরা শিল্পে। আজ দেশু ৭-এ প্রথম দিন, একসাথে।’’
View this post on Instagram
এই পোস্টের পর থেকেই জল্পনা শুরু হয়েছে। কারণ, টলিউডে তথাকথিত ‘ব্যান কালচার’ নিয়ে অতীতে দেব প্রকাশ্যে সরব হয়েছিলেন। শিল্পী এবং টেকনিশিয়ানদের কাজের সুযোগ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেই সময়ও তিনি দ্রুত সমাধানের দাবি তুলেছিলেন এবং সংশ্লিষ্ট সংগঠনগুলিকে নির্দিষ্ট সময়সীমা দিয়েছিলেন বলে জানা যায়।
অন্যদিকে, অনির্বাণ ভট্টাচার্যের নামও দীর্ঘদিন ধরে সেই বিতর্কের সঙ্গে জড়িয়ে এসেছে। ইন্ডাস্ট্রির একাংশের দাবি ছিল, কিছু শিল্পী ও কর্মীকে কাজের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছিল। যদিও সেই অভিযোগ নিয়ে বিভিন্ন সময়ে নানা মতামত সামনে এসেছে।
সম্প্রতি এক অনুষ্ঠানে অনির্বাণ বলেন, ‘‘শুধু আমি নই, অনেকে লড়াই করেছিল। অনেকের প্রচুর ক্ষতিও হয়েছে। যাঁরা নেপথ্যে কাজ করেন, তাঁদের পরিস্থিতি আরও কঠিন ছিল। আমরা আগেই বিষয়গুলো জানতাম, সেই কারণেই কথা বলেছিলাম।’’
স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির পর দেব সরাসরি কোনও মন্তব্য করেননি। ফলে তাঁর এই পোস্টকে অনেকেই পরোক্ষ প্রতিক্রিয়া হিসেবে দেখছেন। যদিও অভিনেতা নিজে এ বিষয়ে আলাদা করে কিছু বলেননি।
টলিউডের অন্দরে চলতে থাকা বিতর্কের মাঝেই ‘দেশু ৭’-এর শুটিং শুরু হয়েছে। সেই ছবিতে দেব ও অনির্বাণকে একসঙ্গে দেখা যাওয়াও শিল্পীমহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।








