দিল্লি-এনসিআরের যাত্রীদের জন্য বাড়ল অ্যাপ-ভিত্তিক ক্যাব পরিষেবার বিকল্প। ভিয়েতনামের মোবিলিটি সংস্থা Green SM ভারতে তাদের ইলেকট্রিক ট্যাক্সি পরিষেবা চালু করেছে। ‘Green SM Limo’ নামে এই পরিষেবার সূচনা হয়েছে দিল্লি-এনসিআর অঞ্চল থেকে। এর ফলে বাজারে ইতিমধ্যেই জনপ্রিয় Uber, Ola এবং Rapido-র সঙ্গে প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
সংস্থার দাবি, প্রাথমিকভাবে রাজধানী ও সংলগ্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে পরিষেবা দেওয়া হবে। পরে যাত্রীদের চাহিদা অনুযায়ী ধাপে ধাপে পরিষেবার বিস্তার ঘটানো হবে। দীর্ঘমেয়াদে ভারতে প্রায় ১০ হাজার ইলেকট্রিক গাড়ি নিয়ে বহর গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে তাদের।
অন্য ক্যাব অ্যাগ্রিগেটরদের তুলনায় Green SM-এর ব্যবসায়িক মডেল কিছুটা আলাদা। এখানে চালকদের ব্যক্তিগত গাড়ি সংযুক্ত করার পরিবর্তে সংস্থাই সমস্ত গাড়ির মালিক। যাত্রী পরিবহণের জন্য ব্যবহার করা হচ্ছে VinFast Limo Green নামের সাত আসনের বৈদ্যুতিক SUV, যা বিশেষভাবে বাণিজ্যিক যাত্রী পরিষেবার জন্য তৈরি।
রাইড বুক করার জন্য মোবাইল অ্যাপের পাশাপাশি হটলাইন পরিষেবাও চালু রাখা হয়েছে। সংস্থার দাবি, প্রতিটি চালককে ইলেকট্রিক গাড়ি চালানো, সড়ক নিরাপত্তা এবং গ্রাহক পরিষেবা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
নিরাপত্তার ক্ষেত্রেও বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিটি গাড়িতে ক্যামেরা-নির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা, AI-সমর্থিত নিরাপত্তা প্রযুক্তি এবং জরুরি সহায়তা বাটন রাখা হয়েছে। পাশাপাশি যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য পানীয় জল, ভেজা টিস্যুসহ প্রয়োজনীয় কিছু সুবিধাও থাকবে।
পরিষেবা শুরুর উপলক্ষে বিশেষ অফারও ঘোষণা করেছে Green SM। ৫ জুন থেকে ১১ জুনের মধ্যে ক্যাব বুক করলে যাত্রীরা সর্বোচ্চ ২৫০ টাকা পর্যন্ত ভাড়া ছাড়ের সুবিধা পাবেন।
ভারতে ইলেকট্রিক মোবিলিটি খাতে প্রতিযোগিতা যখন ক্রমশ বাড়ছে, তখন Green SM-এর এই পদক্ষেপ বাজারে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন শিল্প মহলের একাংশ।







