পুজোর মরসুমের অন্যতম প্রতীক্ষিত বাংলা ছবি ‘দেশু ৭’-কে ঘিরে জল্পনা ক্রমশ বাড়ছে। দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটিকে ঘিরে দর্শকদের আগ্রহ এমনিতেই তুঙ্গে। তার মধ্যেই টলিপাড়ায় নতুন গুঞ্জন, ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে নাকি দেখা যেতে পারে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে।
ইতিমধ্যেই ছবির শুটিং শুরু হয়েছে। রবিবার অনুষ্ঠিত হয়েছে শুভ মহরত, আর সোমবার থেকে ক্যামেরার সামনে নেমেছেন কলাকুশলীরা। সূত্রের খবর, এই ছবিতে প্রিয়াঙ্কার জন্যও একটি উল্লেখযোগ্য চরিত্র রাখা হয়েছে। যদিও এই বিষয়ে অভিনেত্রীর তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
দেবের সঙ্গে প্রিয়াঙ্কার কাজ করার সম্ভাবনা অবশ্য নতুন নয়। টলিপাড়ার অন্দরে আলোচনা, দেব অভিনীত ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ ছবিতেও তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তবে সেই প্রকল্প সম্পর্কে এখনও প্রকাশ্যে খুব বেশি তথ্য আসেনি।
‘দেশু ৭’-এর অন্যতম আকর্ষণ হতে চলেছে অনির্বাণ ভট্টাচার্যের প্রত্যাবর্তন। দীর্ঘ সময় পর তাঁকে আবার বাণিজ্যিক বড়পর্দার ছবিতে দেখা যাবে। ছবিতে রয়েছেন কাঞ্চন মল্লিকও। ফলে তারকা সমাবেশে ভরপুর হতে চলেছে এই পুজোর ছবি।
এই ছবির মাধ্যমে নতুন ভূমিকায় দেখা যাবে দেবকে। প্রযোজক হিসেবে বহুদিন ধরেই তিনি কাজ করছেন। কার্যনির্বাহী পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে। তবে এবার সরাসরি পরিচালকের দায়িত্বও সামলাচ্ছেন তিনি। শুধু পরিচালনাই নয়, ছবির গল্প ও চিত্রনাট্য রচনার কাজেও যুক্ত রয়েছেন অভিনেতা-সাংসদ।
ছবির নাম ঘোষণার সময় দেব ইঙ্গিত দিয়েছিলেন, ‘দেশু ৭’-এ দর্শকরা তাঁর এবং শুভশ্রীর জনপ্রিয় রোম্যান্টিক-অ্যাকশন ঘরানার ছবিগুলির আবহ খুঁজে পাবেন। সেই কারণে ছবিটি নিয়ে দর্শকদের প্রত্যাশাও অনেক বেশি।
অন্যদিকে, ছবির প্রযোজনা নিয়ে গত কয়েক মাস ধরে নানা জল্পনা ছড়িয়েছিল। কখনও শোনা যায়, একাধিক প্রযোজনা সংস্থা এই প্রকল্পে যুক্ত হতে পারে। পরে দেবের তরফে স্পষ্ট জানানো হয়, ছবিটির প্রযোজক তিনিই এবং শুরু থেকেই সেই পরিকল্পনা ছিল।
এখন দেখার, প্রিয়াঙ্কা সরকার সত্যিই ‘দেশু ৭’-এর অংশ হন কি না। যদি হন, তবে পুজোর বড়পর্দায় দেব-শুভশ্রী-প্রিয়াঙ্কা-অনির্বাণদের একসঙ্গে দেখা যাওয়ার সম্ভাবনা নিঃসন্দেহে ছবির আকর্ষণ আরও বাড়াবে।








