জীবদ্দশায় তাঁর একাধিক ছবি নন্দনে প্রদর্শনের সুযোগ পায়নি বলে দীর্ঘদিন ধরে আক্ষেপ ছিল অনুরাগীদের একাংশের। সেই অনীক দত্ত আর নেই। তবে তাঁর প্রয়াণের পরই নতুন করে সামনে এল তাঁর কাজকে ঘিরে বিশেষ উদ্যোগের পরিকল্পনা। সদ্যপ্রয়াত পরিচালকের ছবিগুলি নন্দনে প্রদর্শনের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে রাজ্য সরকার ও নন্দন কর্তৃপক্ষ, এমনটাই দাবি বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)-এর।
শনিবার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রুদ্রনীল জানান, দর্শক ও অনুরাগীদের দীর্ঘদিনের দাবির কথা মাথায় রেখেই এই উদ্যোগের কথা ভাবা হচ্ছে। তাঁর বক্তব্য, “অনীকবাবুর বেশ কিছু ছবি নন্দনে মুক্তি পায়নি। দর্শক-অনুরাগীদের দাবি মেনে নন্দন কর্তৃপক্ষ এবং রাজ্য সরকার যৌথ ভাবে সেই ছবিগুলো দেখানোর কথা ভাবছে। পরিচালককে রেট্রোসপেকটিভ বা শ্রদ্ধা জানানো হবে এ ভাবেই।”
রুদ্রনীলের দাবি, অতীতে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রচারে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-র ছবি ব্যবহারের বিরোধিতা করেছিলেন অনীক দত্ত। সেই ঘটনার পর থেকেই সরকারি প্রেক্ষাগৃহে তাঁর ছবি প্রদর্শন নিয়ে অনীহা তৈরি হয়েছিল বলে মনে করেন তিনি।
যদিও এই আয়োজনকে ‘চলচ্চিত্র উৎসব’ বলতে নারাজ রুদ্রনীল। তাঁর কথায়, দর্শকরা চাইলে একে উৎসব বলতে পারেন, তবে মূল উদ্দেশ্য হবে পরিচালকের কাজকে নতুন করে দর্শকদের সামনে তুলে ধরা এবং তাঁকে যথাযোগ্য সম্মান জানানো।
প্রসঙ্গত, শুক্রবার অনীক দত্ত (Anik Dutta)-র শেষকৃত্যে উপস্থিত হয়ে একই ধরনের উদ্যোগের কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তিনি বলেছিলেন, “অনীকদা আমাদের পারিবারিক বন্ধু ছিলেন। ওঁর ছবি নিয়ে আমরা নন্দনে ‘ফেস্টিভ্যাল’ করব।”
একই সুর শোনা গিয়েছে বিজেপি নেত্রী ও বিধায়ক পাপিয়া অধিকারী (Papia Adhikari) এবং রূপা গাঙ্গুলি (Rupa Ganguly)-র বক্তব্যেও। তাঁরা দু’জনেই অনীক দত্তের কাজকে বৃহত্তর দর্শকের কাছে পৌঁছে দেওয়ার পক্ষে মত প্রকাশ করেছেন।
পরিচালকের প্রয়াণের পর তাঁকে ঘিরে যে আবেগ তৈরি হয়েছে, তার মধ্যেই নন্দনে তাঁর ছবিগুলির বিশেষ প্রদর্শনী আয়োজনের সম্ভাবনা জোরালো হচ্ছে। এখন দেখার, সরকারি স্তরে সেই পরিকল্পনা কত দ্রুত বাস্তবায়িত হয়।








