Indian Rail: বেতন বাড়বে ট্রেনের কর্মচারীদের? বড় ঘোষণা ভারতীয় রেলের

On: Sunday, May 24, 2026 9:34 AM
---Advertisement---

ভারতীয় রেলের আধুনিকীকরণের পথে আরও এক ধাপ। দেশের ১৫৫টি ট্রেনকে এবার আনুষ্ঠানিক ভাবে ‘হাই-স্পিড’ বিভাগের আওতায় আনা হল। এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়তে চলেছে লোকো পাইলট ও গার্ডদের আয়ে। কারণ, দ্রুতগতির ট্রেন চালানোর অতিরিক্ত চাপ ও দায়িত্বের কথা মাথায় রেখে ট্রিপ অ্যালাউন্স এবং মাইলেজ রেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।

রেল সূত্রে খবর, নতুন তালিকায় একাধিক প্রিমিয়াম ট্রেন জায়গা পেয়েছে। এর মধ্যে রয়েছে একাধিক Vande Bharat Express, পাশাপাশি Rajdhani Express, Duronto Express, তেজস এবং হামসফর এক্সপ্রেসের মতো ট্রেনও। হাওড়া-নয়া দিল্লি, বারাণসী-নয়া দিল্লি, চেন্নাই-বেঙ্গালুরু, আজমের-দিল্লি এবং অমৃতসর-দিল্লির মতো গুরুত্বপূর্ণ রুট এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

রেলের ব্যাখ্যা, ঘণ্টায় ১৩০ থেকে ১৬০ কিলোমিটার গতিতে ট্রেন চালানো সাধারণ ট্রেন পরিচালনার তুলনায় অনেক বেশি জটিল। উচ্চগতিতে ট্রেন পরিচালনার সময় লোকো পাইলট এবং রানিং স্টাফদের উপর বাড়তি মানসিক চাপ ও সতর্কতার প্রয়োজন হয়। সেই কারণেই তাঁদের আর্থিক সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, লোকো পাইলটদের প্রতি ১০০ কিলোমিটারের মাইলেজ রেট ৪৮৫ টাকা থেকে বাড়িয়ে ৬০৬ টাকা করা হয়েছে। অন্য দিকে গার্ডদের ক্ষেত্রে এই হার ৪৩৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৫৪৯ টাকা। রেলকর্তাদের অনুমান, এর ফলে কর্মীদের মাসিক ভাতা ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে।

ভারতীয় রেল আরও জানিয়েছে, কর্মীদের গ্রেড পে এবং ট্রেনের শ্রেণিবিভাগের উপর ভিত্তি করে ট্রিপ অ্যালাউন্স ও অন্যান্য সুবিধা নির্ধারণ করা হবে। অর্থাৎ, যে কর্মীরা হাই-স্পিড ট্রেনে কাজ করবেন, তাঁরা তুলনামূলক বেশি আর্থিক সুবিধা পাবেন।

এ ছাড়াও ভবিষ্যতে নতুন কোনও ট্রেন হাই-স্পিড তালিকায় যুক্ত হলে বা কোনও ট্রেনের গতি ও শ্রেণিতে পরিবর্তন এলে সেই তালিকা দ্রুত আপডেট করা হবে বলেও জানিয়েছে রেল। রেলের মতে, এই পদক্ষেপ দেশের প্রিমিয়াম ট্রেন পরিষেবা এবং আধুনিক রেল নেটওয়ার্ককে আরও শক্তিশালী করবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now