একসময় ভবানীপুরের ভোটমঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-র হয়ে গান গেয়েছেন। তৃণমূলের একাধিক সরকারি অনুষ্ঠানেও ছিলেন নিয়মিত মুখ। সেই ইমন চক্রবর্তী (Iman Chakraborty)-কেই এবার দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)-র প্রশংসায় সরব হতে। আর সেই পোস্ট ঘিরেই নেটমাধ্যমে শুরু হয়েছে জোর বিতর্ক।
সম্প্রতি মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শমীক ভট্টাচার্য। সেখানে পড়ুয়াদের উদ্দেশে অধ্যবসায়, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং জীবনবোধ নিয়ে কথা বলতে শোনা যায় তাঁকে। সেই বক্তৃতার একটি ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ইমন।
ভিডিয়োর সঙ্গে গায়িকা লেখেন, “নাও বলো আমাকে বিজেপি। কিন্তু কথাগুলো শুনে নিও। শুধু এখন নয়, আমি বরাবরই এই মানুষটার সবথেকে বড় ভক্ত।”
এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ার একাংশ প্রশ্ন তুলতে শুরু করে। কেউ মনে করিয়ে দেন, অতীতে তৃণমূলের হয়ে প্রচারমঞ্চে তাঁর উপস্থিতির কথা। কেউ আবার ‘উন্নয়নের পাঁচালি’ গাওয়ার প্রসঙ্গ টেনে এনে কটাক্ষ করেন। অনেকেই সরাসরি ‘সুবিধাবাদী’ বা ‘পাল্টিবাজ’ বলেও আক্রমণ করেন গায়িকাকে।
এক নেটব্যবহারকারীর মন্তব্য, “বরাবর এতই পছন্দ ছিল, তা হলে আগে কখনও প্রকাশ্যে বললেন না কেন?” অন্য এক জন লেখেন, “সময়ের সঙ্গে সঙ্গে সুরও বদলে গেল নাকি?”
তবে সমালোচনার পাশাপাশি ইমনের পাশে দাঁড়িয়েছেন তাঁর অনুরাগীদের একাংশও। তাঁদের দাবি, ভোটের ফল প্রকাশের আগেই এক পডকাস্টে শমীক ভট্টাচার্যের বক্তব্য ও রাজনৈতিক অবস্থান নিয়ে ইতিবাচক মন্তব্য করেছিলেন গায়িকা। ফলে এটা হঠাৎ অবস্থান বদল নয় বলেই মত তাঁদের।
উল্লেখ্য, অনুষ্ঠানে শমীক ভট্টাচার্য পড়ুয়াদের উদ্দেশে বলেছিলেন, “আজ আমি যাদের সামনে, তাঁদের কারও মুখ ম্লান নয়। এঁরা নিজেদের মেধা, অসাধারণ প্রতিভা আর কঠিন অধ্যাবসায় দিয়ে আজ নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। শিক্ষকদের প্রতি যাঁদের অন্তরে প্রকৃত শ্রদ্ধা থাকে, তাঁরাই কেবল প্রকৃত জ্ঞান লাভ করতে পারেন।”
রাজনৈতিক পালাবদলের আবহে শিল্পী মহলের একাংশের অবস্থান বদল নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। সেই তালিকায় এ বার কি ইমন চক্রবর্তীর নামও জুড়ল? অন্তত তাঁর সাম্প্রতিক পোস্ট ঘিরে নেটদুনিয়ার প্রতিক্রিয়া সেই জল্পনাই আরও উসকে দিল।







