ধুতি-পাঞ্জাবিতে কানের লাল গালিচায় লাফটারসেন, বিশ্বমঞ্চে ইতিহাস গড়লেন বাঙালি ক্রিয়েটর 

On: Sunday, May 17, 2026 6:24 PM
---Advertisement---

কখনও হাসির ভিডিও, কখনও সমাজের স্পর্শকাতর বিষয় নিয়ে সংবেদনশীল কনটেন্ট— সোশ্যাল মিডিয়ায় নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন লাফটারসেনের নীরঞ্জন মণ্ডল। আর এ বার সেই জনপ্রিয় বাঙালি কনটেন্ট ক্রিয়েটরই পৌঁছে গেলেন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ কান চলচ্চিত্র উৎসবে। ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় এ বার অভিষেক হল নীরঞ্জনের। আর প্রথম উপস্থিতিতেই নজর কাড়লেন একেবারে খাঁটি বাঙালিয়ানা দিয়ে।

সাদা ধুতি-পাঞ্জাবির উপর কালো কোট, চোখে পুরনো দিনের ফ্রেমের চশমা, হাতে সাবেকি ঘড়ি— আন্তর্জাতিক মঞ্চে এমন সাজেই ধরা দিলেন নীরঞ্জন। পাশ্চাত্যের ঝলমলে ফ্যাশনের ভিড়ে তাঁর এই ‘বাঙালিবাবু’ লুক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বহু অনুরাগীর মতে, নিজের শিকড়কে সঙ্গে নিয়েই বিশ্বমঞ্চে হাঁটলেন তিনি।

কানে পৌঁছেই একের পর এক মুহূর্ত ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কখনও সাদা পোশাকে, কখনও রঙিন সাজে দেখা গিয়েছে তাঁকে। তবে লাল গালিচার লুকই সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীরঞ্জন বলেন, “বেশ নার্ভাস লাগছে। আবার উত্তেজিতও।” নিজের পোশাক এবং হাতে থাকা ঘড়ি নিয়েও মজা করে গল্প করতে দেখা যায় তাঁকে।

ফ্রান্সে পৌঁছেই ছাত্রজীবনের একটি স্মৃতিও ভাগ করে নিয়েছিলেন লাফটারসেন। তিনি জানান, একসময় এক শিক্ষক তাঁকে বলেছিলেন, জীবনে খুব বেশি দূর এগোতে পারবেন না। সেই প্রসঙ্গ টেনেই নীরঞ্জনের মজার মন্তব্য, “ফ্রান্স দিয়ে জার্নি শুরু করলাম। তবুও কাঁদছি, কারণ এখনও আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মূলা মনে করতে পারছি না।”

গত বছর অভিনয় জগতে পা রাখার পর এ বার আন্তর্জাতিক মঞ্চে বাংলার প্রতিনিধিত্ব করছেন নীরঞ্জন। তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত অনুরাগীরাও। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ভাসছেন লাফটারসেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now