বার্ধক্য ভাতায় বড় চমক, ১০০০ থেকে একলাফে ২০০০ টাকা দেওয়ার প্রস্তুতি

On: Wednesday, May 13, 2026 9:57 PM
---Advertisement---

রাজ্যে বার্ধক্য ভাতা নিয়ে দীর্ঘদিনের জল্পনার মাঝেই বড় সিদ্ধান্তের পথে নতুন সরকার। প্রশাসনিক সূত্রে খবর, বার্ধক্য ভাতার পরিমাণ দ্বিগুণ করে মাসে ২০০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। একইসঙ্গে বাড়ানো হচ্ছে প্রতিবন্ধী ভাতার পরিমাণও। বর্তমানে এই দুই ক্ষেত্রেই মাসিক ১০০০ টাকা করে দেওয়া হয়।

নারী, শিশু ও সমাজকল্যাণ দফতর সূত্রে জানা গিয়েছে, নতুন ব্যবস্থায় ভাতার অঙ্ক বাড়িয়ে ২০০০ টাকা করার প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও কবে থেকে তা কার্যকর হবে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে খুব শীঘ্রই সরকার এ নিয়ে বিস্তারিত জানাতে পারে বলে প্রশাসনিক মহলের ইঙ্গিত।

পূর্বতন সরকারের আমলে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের মাধ্যমে মহিলাদের মাসিক আর্থিক সহায়তা দেওয়া হত। ভোটের আগে সেই প্রকল্পে ভাতার পরিমাণ বাড়িয়ে সাধারণ মহিলাদের জন্য ১৫০০ টাকা এবং তফসিলি জাতি ও জনজাতির মহিলাদের জন্য ১৭০০ টাকা করা হয়েছিল। সেই সময়ই জানানো হয়েছিল, ৬০ বছর পেরিয়ে গেলে উপভোক্তারা বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন এবং একই পরিমাণ অর্থ পাবেন।

তবে বাস্তবে সেই বাড়তি অর্থ বার্ধক্য ভাতার ক্ষেত্রেও প্রযোজ্য হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। বিরোধীদের তরফেও বিষয়টি নিয়ে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়। কিন্তু সেই জল্পনার অবসান হয়নি।

বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রকল্পের আওতায় মহিলাদের মাসে ৩০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়। ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান, চালু থাকা কোনও জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ করা হবে না। তবে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে যাচাই প্রক্রিয়া চালানো হবে।

এদিকে নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের দায়িত্ব পেয়েছেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তাঁর দফতরের তরফেই বার্ধক্য ও প্রতিবন্ধী ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ফলে নতুন সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে আগ্রহ আরও বাড়ছে রাজনৈতিক মহলে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now