ভবিষ্যতের চিন্তায় ঘুম উড়ছে? বড় অঙ্কের সঞ্চয় কীভাবে করবেন তা নিয়ে ভাবছেন? বিশেষজ্ঞরা বলছেন, সঞ্চয় শুরু করার জন্য কালকের অপেক্ষা করা মানেই বোকামি। কারণ ‘আগামীকাল’ শব্দটা ক্যালেন্ডার থেকে সহজে মুছে যায় না, বরং মাস পেরিয়ে বছর কাবার হয়ে যায়। বড় অঙ্কের টাকা একবারে জমানো সবার পক্ষে সম্ভব না হলেও, সামান্য বিনিয়োগ যে ভবিষ্যতে পাহাড় সমান রিটার্ন দিতে পারে, তার জলজ্যান্ত উদাহরণ হতে পারে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট বা আরডি (RD) স্কিম।
যারা বিনিয়োগের ক্ষেত্রে শতভাগ নিরাপত্তা চান, তাঁদের জন্য পোস্ট অফিসের এই স্কিমটি অন্যতম সেরা বিকল্প। এখানে বিনিয়োগের ঝুঁকি নেই বললেই চলে, অথচ রিটার্ন পাওয়া যায় বেশ আকর্ষণীয়।
অল্প টাকাতেই বড় স্বপ্নপূরণ:
পোস্ট অফিস আরডি অ্যাকাউন্টের সবথেকে বড় সুবিধা হলো এর বিনিয়োগের নমনীয়তা। আপনি চাইলে মাত্র ১০০ টাকা দিয়েই আপনার সঞ্চয়ের খাতা খুলতে পারেন। সর্বোচ্চ বিনিয়োগের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নেই। বর্তমানে এই স্কিমে বার্ষিক ৬.৭ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। প্রতি তিন মাস অন্তর সরকার এই সুদের হার পর্যালোচনা করে।
স্বামী-স্ত্রী মিলে জমানোর সুযোগ:
এই স্কিমে শুধু একা নয়, যৌথভাবে বা জয়েন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধাও রয়েছে। সর্বাধিক তিনজন প্রাপ্তবয়স্ক মিলে একটি অ্যাকাউন্ট পরিচালনা করতে পারেন। যদি স্বামী এবং স্ত্রী দুজনেই কর্মরত হন, তবে নিজেদের বেতন থেকে ছোট একটি অংশ বাঁচিয়ে একসঙ্গে বিনিয়োগ শুরু করলে ম্যাজিকের মতো ফল পাওয়া সম্ভব।
লোন ও মেয়াদের সুবিধা:
সাধারণত পোস্ট অফিসের আরডি ৫ বছরের জন্য হয়। তবে গ্রাহক চাইলে আবেদনের মাধ্যমে এই মেয়াদ আরও ৫ বছর বাড়িয়ে মোট ১০ বছর পর্যন্ত করতে পারেন। শুধু তাই নয়, বিপদের দিনে এই গচ্ছিত টাকার ওপর লোন নেওয়ার সুবিধাও মিলবে। অ্যাকাউন্ট খোলার এক বছর বা ১২টি কিস্তি জমা দেওয়ার পর মোট জমার ৫০ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়া সম্ভব।
কীভাবে হাতে আসবে ৪১ লক্ষ টাকা?
হিসেবটা খুব সহজ। যদি স্বামী-স্ত্রী মিলে একটি জয়েন্ট অ্যাকাউন্ট খালেন এবং দুজনে মিলে প্রতি মাসে ১২ হাজার টাকা করে মোট ২৪ হাজার টাকা জমা করেন, তবে ১০ বছর পর আপনার হাতে আসবে মোটা অঙ্কের অর্থ। টানা ১০ বছর ধরে এই বিনিয়োগ চালিয়ে গেলে মোট জমার পরিমাণ দাঁড়াবে ২৮ লক্ষ ৮০ হাজার টাকা। বর্তমান সুদের হার অনুযায়ী, এর ওপর সুদ বাবদ আয় হবে প্রায় ১২ লক্ষ ২০ হাজার ৫০৯ টাকা। অর্থাৎ মেয়াদ শেষে আপনার হাতে থাকবে মোট ৪১ লক্ষ ৫০৯ টাকা।
কথায় আছে, বিন্দু বিন্দু জলেই সিন্ধু তৈরি হয়। পোস্ট অফিসের এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প সেই প্রবাদকেই যেন সত্যি করে তুলছে। নিয়মিত অল্প অল্প বিনিয়োগই যে আগামী দিনে আপনাকে আর্থিক স্বনির্ভরতা দিতে পারে, তা বলাই বাহুল্য। তাই দেরি না করে আজই আপনার নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে সঞ্চয়ের পথে পা বাড়াতে পারেন।








