টেলিপাড়ায় আবারও ভাসছে এক পরিচিত গুঞ্জন—জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার কি তবে খুব শীঘ্রই শেষ হতে চলেছে? সাম্প্রতিক সময়ে একের পর এক সিরিয়ালের আকস্মিক পরিসমাপ্তির প্রেক্ষিতে এই খবর দর্শকদের কাছে নতুন নয়, তবে আগ্রহ কম নয়।
এই ধারাবাহিককে ঘিরে আগেও শেষ হওয়ার জল্পনা উঠেছিল। যদিও তখন তা গুজব বলেই উড়িয়ে দেওয়া হয়। ফলে নতুন করে শুরু হওয়া এই আলোচনা কতটা সত্যি, তা নিয়েই প্রশ্ন উঠছে।
বিষয়টি জানতে ধারাবাহিকের নায়িকা শিরিন পাল-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্পষ্টই বলেন, “আমাকে ‘কলটাইম’ দেওয়া হয়। আমি শুটিংয়ে আসি। কাজ করি, বাড়ি চলে যাই। এর বাইরে আমার কাছে আর কোনও তথ্য নেই। তাই এই বিষয়ে আমার সত্যি কোনও ধারণা নেই। কী হবে? কী হচ্ছে? এই বিষয়ে কোনও উত্তরই আমার পক্ষে দেওয়া সম্ভব নয়।”
২০২৫ সালের মার্চে শুরু হওয়া এই ধারাবাহিক ইতিমধ্যেই এক বছরের গণ্ডি পেরিয়েছে। এই সময়ের মধ্যে গল্পে এসেছে একাধিক মোড়—নায়ক-নায়িকার সম্পর্কের টানাপোড়েন থেকে শুরু করে নতুন চরিত্রের প্রবেশ, সবই ছিল আলোচনায়। তবে ধারাবাহিকটি নিয়মিতভাবে টিআরপি তালিকার শীর্ষস্থানে জায়গা করে নিতে পারেনি। সেই কারণেই কি শেষ হওয়ার জল্পনা জোরালো হচ্ছে, উঠছে সেই প্রশ্নও।
গল্পে সম্প্রতি যুক্ত হয়েছেন অভিনেত্রী পায়েল দে, যাঁকে প্রথমবার সম্পূর্ণ নেতিবাচক চরিত্রে দেখা যাচ্ছে। তাঁর আগমনে কাহিনিতে নতুন মাত্রা যোগ হলেও, তা কি দর্শক টানতে যথেষ্ট হচ্ছে না?
এই মুহূর্তে চ্যানেল বা প্রযোজনা সংস্থার তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে জল্পনা জিইয়ে থাকলেও, ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত করে কিছু বলার সময় এখনও আসেনি।








