ভারতে ইলেকট্রিক স্কুটারের বাজার দ্রুত বদলাচ্ছে। পেট্রোলের বাড়তি খরচ আর পরিবেশ সচেতনতার কারণে অনেকেই ঝুঁকছেন ইভি-র দিকে। তার উপর নতুন করে জনপ্রিয় হচ্ছে Battery as a Service বা BaaS মডেল, যেখানে স্কুটারের সঙ্গে ব্যাটারির দাম একসঙ্গে দিতে হয় না। ফলে শুরুতেই খরচ অনেকটাই কমে যাচ্ছে, যা মধ্যবিত্ত ক্রেতাদের কাছে এই সেগমেন্টকে আরও আকর্ষণীয় করে তুলছে।
এই নতুন মডেলে বাজারে একাধিক সাশ্রয়ী বিকল্পও সামনে এসেছে।
সবচেয়ে কম দামের মধ্যে অন্যতম Vida VX2। হিরো মোটোকর্পের এই স্কুটার BaaS প্ল্যানে মাত্র ৪৪,৯৯০ টাকা থেকে শুরু। ব্যাটারির জন্য আলাদা করে প্রতি কিলোমিটার ব্যবহারের উপর খরচ দিতে হয়। শহরের দৈনন্দিন কম দূরত্বের যাতায়াতের জন্য এটি একটি কার্যকর বিকল্প বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
জনপ্রিয়তার নিরিখে এগিয়ে থাকা TVS iQube-ও এখন BaaS মডেলে পাওয়া যাচ্ছে। এর কার্যকর দাম শুরু হচ্ছে প্রায় ৫৯,৯৯৯ টাকা থেকে। মাসিক সাবস্ক্রিপশন প্ল্যানের মাধ্যমে আনলিমিটেড কিলোমিটার চালানোর সুবিধা থাকায় নিয়মিত যাতায়াতকারীদের কাছে এটি সুবিধাজনক।
ফ্যামিলি সেগমেন্টে জায়গা করে নিয়েছে Ather Rizta। বড় সিট, বেশি স্টোরেজ এবং স্মার্ট ফিচারের জন্য এই স্কুটার ইতিমধ্যেই নজর কেড়েছে। BaaS প্ল্যানে এর দাম প্রায় ৭৬ হাজার টাকার কাছাকাছি, যেখানে ব্যবহার অনুযায়ী ব্যাটারির খরচ দিতে হয়।
তরুণদের কথা মাথায় রেখে তৈরি TVS Orbiter V1-ও এখন এই তালিকায়। কমপ্যাক্ট ডিজাইন এবং কম দামের কারণে কলেজ পড়ুয়াদের মধ্যে এটি জনপ্রিয় হতে পারে। BaaS মডেলে এর শুরু দাম প্রায় ৪৯,৯৯৯ টাকা।
অন্যদিকে, ক্লাসিক লুক বজায় রেখে আধুনিক প্রযুক্তি এনেছে Bajaj Chetak। মেটাল বডি এবং দীর্ঘ রেঞ্জের জন্য পরিচিত এই স্কুটার BaaS মডেলে প্রায় ৯১ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। মাসিক বা ব্যবহারভিত্তিক ব্যাটারি পেমেন্টের সুবিধাও রয়েছে।
সব মিলিয়ে, BaaS মডেল ইলেকট্রিক স্কুটারের বাজারে এক নতুন দিশা দেখাচ্ছে। কম প্রাথমিক খরচের কারণে আরও বেশি মানুষ এখন ইভি-র দিকে ঝুঁকছেন, যা ভবিষ্যতের পরিবহণ ব্যবস্থাকেই বদলে দিতে পারে।








