অ্যাপল আনতে চলেছে ‘ভাঁজ স্ক্রিন’ ফোন! ‘আইফোন আল্ট্রা’ কিনতে কত খরচ পড়বে ভারতীয়দের?

On: Tuesday, April 14, 2026 9:37 PM
---Advertisement---

স্মার্টফোনের দুনিয়ায় নতুন লড়াইয়ের মঞ্চ তৈরি হচ্ছে। বহু জল্পনার পর অবশেষে ভাঁজ করা আইফোন আনার পথে Apple। তবে ডিভাইসটির নাম কী হবে, তা নিয়েই এখন চর্চা তুঙ্গে। যেখানে সাধারণ ব্যবহারকারীদের বড় অংশ ‘আইফোন ফোল্ড’ নামটি ধরে নিচ্ছেন, সেখানে প্রযুক্তি বিশ্লেষকদের দাবি— সংস্থার ভাবনা অন্য পথে।

সূত্রের খবর, নতুন ডিভাইসটির নাম হতে পারে ‘আইফোন আল্ট্রা’। ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে ‘ফোল্ডেবল’ ফোনের দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে Samsung। তাদের একাধিক ভাঁজ করা ফোন গ্রাহকদের মধ্যে সাড়া ফেলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাপ্‌লের জন্য এই সেগমেন্টে প্রবেশ করা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ।

প্রযুক্তিগত দিক থেকেও নতুনত্ব আনার চেষ্টা করছে সংস্থাটি। জানা গিয়েছে, ডিভাইসটির ডিসপ্লে তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে স্যামসাংকেই। এ বছরের শুরুতে একটি অনুষ্ঠানে এই প্রযুক্তির প্রাথমিক ঝলকও সামনে এনেছিল মার্কিন সংস্থাটি।

অ্যাপ্‌লের অন্যতম বৈশিষ্ট্য হল নিজস্ব অপারেটিং সিস্টেমের ব্যবহার। আইফোনে দীর্ঘদিন ধরে iOS ব্যবহৃত হলেও, এখনও পর্যন্ত কোনও ভাঁজ করা ডিভাইসে তা প্রয়োগ করেনি তারা। বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তিকে নিখুঁতভাবে মানিয়ে নেওয়ার কাজই দেরির প্রধান কারণ। চূড়ান্ত পরীক্ষায় সন্তোষজনক ফল না পাওয়া পর্যন্ত বাজারে আনার ঝুঁকি নিতে চাইছে না সংস্থা।

শোনা যাচ্ছে, নতুন এই ডিভাইসে ব্যবহার করা হতে পারে উন্নত সংস্করণ— iOS 27। পাশাপাশি হার্ডওয়্যার ও ডিজাইনে একাধিক পরিবর্তন আনতে চলেছে অ্যাপ্‌ল, যাতে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সরাসরি পাল্লা দেওয়া যায়।

সবচেয়ে বড় প্রশ্ন অবশ্য দাম নিয়ে। বাজার বিশ্লেষকদের অনুমান, ভারতীয় বাজারে এই ভাঁজ করা আইফোনের দাম প্রায় ১.৮৩ লক্ষ টাকার কাছাকাছি হতে পারে। চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ সেটি বাজারে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তবে এখনও পর্যন্ত এই নিয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করেনি Apple। ফলে চূড়ান্ত তথ্য জানতে অপেক্ষা করতেই হবে। কিন্তু এটুকু স্পষ্ট— ভাঁজ করা ফোনের দৌড়ে নামতে চলেছে অ্যাপ্‌ল, আর তার প্রভাব পড়বে গোটা স্মার্টফোন বাজারেই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now