ভারতীয় সঙ্গীত জগতের এক যুগের অবসান। প্রয়াত আশা ভোঁসলে (Asha Bhosle)-কে শেষ শ্রদ্ধা জানাতে সোমবার সকাল থেকেই ভিড় জমেছিল মুম্বইয়ের লোয়ার পরলের বাসভবনে। অনুরাগী, পরিবার এবং বিশিষ্টজনদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশের মধ্যেই সম্পন্ন হয় তাঁর শেষযাত্রার প্রস্তুতি।

রাজ্য মর্যাদায় শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ (Devendra Fadnavis)। সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত চলেছে শেষ দর্শন। এরপরই শুরু হয় শেষযাত্রা, যা ঘিরে ছিল নজিরবিহীন নিরাপত্তা।
মুম্বই পুলিশ (Mumbai Police) সূত্রে খবর, লোয়ার পরল থেকে দাদার পর্যন্ত প্রায় ১০০০ পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল। শুধু ভিড় সামলানোই নয়, শহরের স্বাভাবিক যান চলাচল বজায় রাখাও ছিল বড় চ্যালেঞ্জ। তাই একাধিক রাস্তায় ট্রাফিক ঘুরিয়ে দেওয়া হয় এবং বিভিন্ন মোড়ে বিশেষ নজরদারি চালানো হয়।

বিকেল চারটে নাগাদ শিবাজী পার্ক (Shivaji Park)-এ শুরু হয় শেষকৃত্যের প্রক্রিয়া। সেখানেও ছিল কড়া নিরাপত্তা বলয়। ফুলে মোড়া শবযান নিয়ে শেষবারের মতো পৌঁছে দেওয়া হয় কিংবদন্তি শিল্পীকে। পরে Bhagoji Keer Hindu Crematorium-এ তাঁর দাহ সম্পন্ন হওয়ার কথা।
১২ এপ্রিল, ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশা। অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকদের দাবি, একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ায় মৃত্যু হয় তাঁর।
শেষ বিদায়ে হাজির ছিলেন Uddhav Thackeray, Tabu, Riteish Deshmukh এবং Sachin Tendulkar-সহ বহু বিশিষ্ট ব্যক্তি। জনতার ঢল সামলাতে এবং শহরের ছন্দ বজায় রাখতে প্রশাসনের এই কড়া প্রস্তুতি নজর কেড়েছে সকলের।








