Bengali Serial: বন্ধ লীনার আরও এক সিরিয়াল, চিরসখা-র পরিবর্তে কোন ধারাবাহিক দেখাবে চ্যানেল?

On: Wednesday, April 8, 2026 3:53 PM
---Advertisement---

টেলিভিশন পর্দায় বড়সড় বদল আসছে। জনপ্রিয় ধারাবাহিক চিরসখা আর খুব বেশিদিন দেখা যাবে না। সূত্রের খবর, আগামী ১২ এপ্রিল শেষবারের মতো সম্প্রচারিত হবে এই সিরিয়ালটি। তার পরদিন থেকেই একই সময়ে জায়গা নেবে নতুন ধারাবাহিক সংসার সংকীর্তন।

জানা যাচ্ছে, ১৩ এপ্রিল থেকে রাত ১০টার স্লটে শুরু হবে নতুন এই গল্প। ইতিমধ্যেই শুটিং শুরু হয়ে গিয়েছে। মুখ্য চরিত্রে দেখা যাবে মানালি দে এবং সব্যসাচী চৌধুরী-কে।

এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে সাম্প্রতিক একাধিক বিতর্ক এবং সিদ্ধান্ত। টলিপাড়ার শিল্পীদের সংগঠন আর্টিস্ট ফোরাম সম্প্রতি বৈঠকের পর সিদ্ধান্ত নিয়েছে, আপাতত Magic Moments প্রযোজনা সংস্থার সঙ্গে কোনও শিল্পী বা টেকনিশিয়ান কাজ করবেন না। ফলে ওই সংস্থার প্রযোজিত ধারাবাহিকগুলির ভবিষ্যৎ নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এই আবহেই প্রশ্ন উঠছিল, ‘চিরসখা’-র ভবিষ্যৎ কী হতে চলেছে। সেই জল্পনারই ইতি টেনে সামনে এল সম্প্রচার বন্ধের খবর।

ঘটনার সূত্রপাত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর আকস্মিক মৃত্যুকে ঘিরে। গত ২৯ মার্চ শুটিং চলাকালীন দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয় বলে জানা যায়। ময়নাতদন্তে উঠে আসে, দিঘার কাছে তালসারিতে জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁর। এই ঘটনার পর থেকেই প্রযোজনা সংস্থার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

এর পর একে একে একাধিক অভিনেতা ওই সংস্থার কাজ থেকে সরে দাঁড়ান। ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাজ না করার সিদ্ধান্ত নেওয়া হয় শিল্পী মহলে।

এদিকে, ঘটনার ব্যাখ্যা চেয়ে আর্টিস্ট ফোরাম-এর পক্ষ থেকে প্রযোজনা সংস্থাকে চিঠি পাঠানো হলেও সন্তোষজনক জবাব মেলেনি বলে অভিযোগ। পরবর্তীতে সংগঠনের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়-সহ কয়েক জন শিল্পী কলকাতার রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করেন।

অন্যদিকে, একই রাতে দিঘার তালসারি থানায় গিয়ে প্রযোজনা সংস্থার কয়েক জনের বিরুদ্ধে এফআইআর করেন অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার।

এই টানাপোড়েনের মধ্যেই ইতিমধ্যেই বন্ধ হয়েছে ভোলেবাবা পার করেগা ধারাবাহিকের সম্প্রচার। আর এবার সেই তালিকায় যোগ হতে চলেছে ‘চিরসখা’। নতুন ধারাবাহিকের হাত ধরে চ্যানেল পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে বলেই মনে করছে ইন্ডাস্ট্রির একাংশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now