রাহুলের মৃত্যুতে উত্তাল টলিউড, প্রযোজনা সংস্থার বিরুদ্ধে দায়ের ‘জিরো’ FIR

On: Saturday, April 4, 2026 8:09 PM
---Advertisement---

গত ২৯ মার্চ দিঘার অদূরে তালসারিতে শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যু স্তব্ধ করে দিয়েছিল টলিউডকে। সেই ঘটনার রেশ কাটেনি ঠিকই, তবে শোক এবার বদলে গেল ক্ষোভে। শুটিং সেটে নিরাপত্তার চরম অভাব এবং প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর রহস্যজনক আচরণের প্রতিবাদে এবার রাজপথে নামল শিল্পী মহল। শুধু তাই নয়, সরাসরি আইনি লড়াই শুরু করল ‘ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম’।

আজ ৪ এপ্রিল কলকাতার রিজেন্ট পার্ক থানায় একটি ‘জিরো’ এফআইআর দায়ের করা হয়েছে। অভিনেতা রাহুলের এই আকস্মিক মৃত্যুর ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ৬১(২), ১০৬(১) এবং ২৪০ ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযোগের আঙুল তোলা হয়েছে ম্যাজিক মোমেন্টসের কর্ণধার তথা পরিচালক শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে।

আর্টিস্ট ফোরামের সাধারণ সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় এই অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, ওড়িশার তালসারি সমুদ্র সৈকতে ধারাবাহিকের শুটিং চলাকালীন চরম গাফিলতি করা হয়েছিল। অভিযোগ অনুযায়ী, পরিকল্পিতভাবে অবহেলা ও বিপজ্জনক পদ্ধতিতে শুটিং পরিচালনা করা হয়েছে, যা জীবনের জন্য চরম ঝুঁকিপূর্ণ। আর এই হঠকারিতার বলি হতে হয়েছে এক প্রতিভাবান অভিনেতাকে। শুধু তাই নয়, ঘটনার পর অভিযুক্তরা সত্য গোপন করে মিথ্যা তথ্য প্রচার করেছেন বলেও অভিযোগ তোলা হয়েছে।

যেহেতু অকুস্থল ওড়িশার বালাসোর জেলার তালসারি মেরিন থানার আওতাভুক্ত, তাই আইনি প্রক্রিয়ার খাতিরে কলকাতার এই ‘জিরো’ এফআইআরটি সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছে পুলিশ। আপাতত গোটা টলিউড তাকিয়ে আছে তদন্তের দিকে। শুটিং সেটে কি সত্যিই অভিনেতাদের জীবনকে তুচ্ছ করা হয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে এবার কোমর বেঁধে নেমেছে ইন্ডাস্ট্রি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now