দীর্ঘ জল্পনার অবসান। অবশেষে কলকাতায় শুরু হল সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)-এর বায়োপিকের শুটিং। বুধবার ইডেন গার্ডেন্স-এ প্রথম দিনের কাজ শুরু হওয়ার খবর নিজেই জানালেন অভিনেতা রাজকুমার রাও (Rajkumar Rao)। শুধু তাই নয়, প্রকাশ্যে এল ছবির নামও— ‘দাদা’।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি পোস্টে শুটিং শুরুর মুহূর্ত তুলে ধরেন রাজকুমার। সেখানে ক্ল্যাপস্টিকে স্পষ্ট দেখা যায় ছবির নাম। ক্যাপশনে অভিনেতা লেখেন, “একমেবাদ্বিতীয়ম দাদা বায়োপিকের শুটিং শুরু হল।” পোস্ট সামনে আসতেই উচ্ছ্বাসে ভেসেছেন ক্রিকেটপ্রেমীরা।
এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন লভ রঞ্জন এবং পরিচালনায় বিক্রমাদিত্য মোতওয়ানে। ‘দাদা’ (Dada) নামটি যে নিছকই কাকতালীয় নয়, তা বলাই বাহুল্য— ভারতীয় ক্রিকেটে সৌরভের পরিচিতিই যেন এই নামে গড়ে উঠেছে।
যদিও শুটিং শুরু হওয়ার কথা ছিল চলতি বছরের মার্চ মাসে। কিন্তু তা পিছিয়ে যায় অভিনেতার প্রস্তুতির কারণে। এর আগে অন্য একটি বায়োপিকের জন্য শরীরের ওজন বাড়াতে হয়েছিল রাজকুমারকে। ফলে নতুন চরিত্রে মানিয়ে নিতে তাঁকে আবার কড়া ফিটনেস রুটিনে ফিরতে হয়। গত দেড় মাস ধরে সেই প্রস্তুতিই নিয়েছেন তিনি।
পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে এর আগেই কলকাতায় এসে বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। ময়দান থেকে শুরু করে সৌরভের বেহালার বাড়ি— এমনকি তাঁর ক্রিকেট জীবনের শুরুর জায়গাগুলিও রেকি করা হয়। সেই সময়ই শোনা গিয়েছিল দ্রুত শুটিং শুরু হবে, যদিও শেষ পর্যন্ত তা বিলম্বিত হয়।
অবশেষে সব বাধা কাটিয়ে ক্যামেরা ঘুরল ইডেনে। ভারতীয় ক্রিকেটের এক অধ্যায়ের গল্প এবার বড়পর্দায়— আর সেই গল্পে ‘মহারাজ’-এর ভূমিকায় রাজকুমার রাওকে দেখার অপেক্ষায় এখন দর্শক।






