অসুস্থতার কারণে নির্ধারিত দিন পিছিয়ে গিয়েছিল অনুষ্ঠান। অবশেষে ২৫ মার্চ কলকাতার মঞ্চে ফিরলেন সুনিধি চৌহান (Sunidhi Chauhan)। শহর তখন প্রস্তুত তাঁর কণ্ঠে ডুব দিতে। কিন্তু জমজমাট কনসার্টের মাঝেই এমন এক মুহূর্ত তৈরি হল, যা হয়তো দীর্ঘদিন মনে রাখবে উপস্থিত দর্শকরা।
একটি অভিজাত প্রেক্ষাগৃহে চলছিল গানের আসর। ঠিক সেই সময় আচমকা যান্ত্রিক বিভ্রাটে বন্ধ হয়ে যায় মাইক্রোফোন এবং সাউন্ড সিস্টেম। কয়েক সেকেন্ডের জন্য থমকে যান গায়িকা। কিন্তু সেই থমথমে পরিবেশ বেশিক্ষণ স্থায়ী হয়নি।
শিল্পী থামলেও থামেনি গান। দর্শকাসনে বসে থাকা হাজার হাজার অনুরাগী একসঙ্গে গাইতে শুরু করেন সেই গান। মুহূর্তের মধ্যে পুরো হল যেন পরিণত হয় এক বিশাল কোরাসে। মঞ্চে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখে আপ্লুত হয়ে পড়েন সুনিধি নিজেও। পরে মাইক্রোফোন ছাড়াই তিনি দর্শকদের সঙ্গে সুর মেলানোর চেষ্টা করেন।
View this post on Instagram
ভাইরাল হওয়া ভিডিওতে ধরা পড়েছে সেই আবেগঘন মুহূর্ত—কোনও ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, নেই যন্ত্রের সাহায্য, তবু সুর থামেনি। কেবল শিল্পী ও অনুরাগীদের নিখাদ সংযোগেই তৈরি হয়েছে অন্যরকম এক পরিবেশ।
এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ( প্রশংসার ঢল নেমেছে। এক অনুরাগী লিখেছেন, ‘যন্ত্র স্তব্ধ হতে পারে, কিন্তু ভালবাসা নয়।’ অনেকেই আবার মন্তব্য করেছেন, এটাই কলকাতার সংস্কৃতির আসল পরিচয়।
পরবর্তীতে প্রযুক্তিগত সমস্যার সমাধান হলে ফের মঞ্চে নিজের স্বাভাবিক ছন্দে ফিরে আসেন সুনিধি। তবে উপস্থিত অনেকের মতে, সেই কয়েক মিনিটের অপ্রত্যাশিত বিরতিই হয়ে উঠেছিল গোটা কনসার্টের সবচেয়ে স্মরণীয় অধ্যায়।







