বিনোদন জগতে সেন্সরশিপ নিয়ে ফের উত্তপ্ত জাতীয় রাজনীতি। কন্নড় ছবি KD The Devil-এর হিন্দি সংস্করণের গান ‘সরকে চুনর তেরি সরকে’ ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্কের জেরে শেষ পর্যন্ত ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হল গানটি। এই গানে দেখা গিয়েছিল নোরা ফাতেহি (Nora Fatehi) এবং সঞ্জয় দত্ত (Sanjay Dutt)-কে।

বিতর্ক চরমে পৌঁছনোর পর বিষয়টি গড়ায় সংসদে। লোকসভায় এই ইস্যুতে কড়া অবস্থান নেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। তিনি স্পষ্ট করেন, সৃজনশীলতার নামে সমাজে কুরুচিকর বা অশ্লীল বিষয়বস্তু পরিবেশন গ্রহণযোগ্য নয়। তাঁর বক্তব্য, বাকস্বাধীনতার অধিকার থাকলেও তার নির্দিষ্ট সীমা রয়েছে এবং সেই সীমার মধ্যেই থাকতে হবে।
মন্ত্রী আরও জানান, ডিজিটাল মাধ্যমে কনটেন্টের প্রভাব দ্রুত বাড়ছে। তাই বিশেষ করে মহিলা, শিশু ও সমাজের প্রান্তিক অংশের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে সরকার কড়া নজরদারির পথে হাঁটছে। ইতিমধ্যেই গানটির হিন্দি সংস্করণ সরিয়ে নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের কনটেন্ট যাতে ছড়াতে না পারে, তার জন্য মনিটরিং প্রক্রিয়া আরও শক্তিশালী করা হচ্ছে।

এই বিতর্কের সূত্রপাত গানটি প্রকাশ্যে আসার পর থেকেই। অভিযোগ ওঠে, গানের কথায় দ্ব্যর্থবোধক ও আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়েছে, যা সামাজিকভাবে অগ্রহণযোগ্য। বিষয়টি সামনে আসতেই আইনজীবী বিনীত জিন্দাল এবং All India Cine Workers Association সেন্সর বোর্ড ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে অভিযোগ জানান। পাশাপাশি মহিলাদের অবমাননার অভিযোগে National Human Rights Commission-এর তরফেও নির্মাতাদের নোটিশ পাঠানো হয়।
রাজনৈতিক মহলেও এই ইস্যুতে সরব হয়েছে শাসকদল। বিজেপি (BJP)-র একাধিক নেতা দাবি করেছেন, অভিব্যক্তির স্বাধীনতার আড়ালে সংস্কৃতি বা সামাজিক মূল্যবোধে আঘাত হানা মেনে নেওয়া যায় না। বিশেষ করে যুবসমাজের উপর এর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এদিকে এই বিতর্কে প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত (Kangana Ranaut) এবং রবি কিষান (Ravi Kishan)-ও। তাঁদের বক্তব্য, জনপ্রিয়তা পাওয়ার লক্ষ্যে ইচ্ছাকৃতভাবে অশ্লীলতার আশ্রয় নেওয়া হচ্ছে, যা ভারতীয় চলচ্চিত্রের ঐতিহ্যের পরিপন্থী।
সব মিলিয়ে, একটি গানের বিতর্ক ঘিরে এবার বিনোদন ও রাজনীতির সীমানা আবারও মিশে গেল। সেন্সরশিপ, বাকস্বাধীনতা এবং সামাজিক দায়বদ্ধতার প্রশ্নে এই বিতর্ক কতদূর গড়ায়, সেদিকেই এখন নজর।








