America new oil refinery Reliance investment: হঠাৎই বিশ্ব জ্বালানি বাজারে বড় এক ঘোষণায় চমকে উঠল আন্তর্জাতিক মহল।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন আমেরিকায় নতুন তেল শোধনাগার তৈরির পরিকল্পনা। প্রায় পাঁচ দশক পর যুক্তরাষ্ট্রে তৈরি হতে চলেছে একটি নতুন রিফাইনারি, যেখানে বিপুল বিনিয়োগ করতে চলেছে ভারতের বৃহৎ শিল্পগোষ্ঠী রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ।
টেক্সাসের ব্রাউনসভিল বন্দরে গড়ে উঠবে এই নতুন তেল শোধনাগার। ট্রাম্প জানান, প্রায় ৫০ বছরের মধ্যে এটাই প্রথমবার আমেরিকায় নতুন রিফাইনারি তৈরির উদ্যোগ নেওয়া হল। এই প্রকল্পে রিলায়্যান্সের সঙ্গে প্রায় ৩০ হাজার কোটি মার্কিন ডলারের বিনিয়োগ চুক্তি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৭ লক্ষ কোটিরও বেশি টাকা। মার্কিন প্রেসিডেন্ট এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে রিলায়্যান্সকে ধন্যবাদও জানিয়েছেন।
ট্রাম্পের মতে, নতুন এই শোধনাগার আমেরিকার জ্বালানি নিরাপত্তা আরও মজবুত করবে এবং দেশের তেল উৎপাদন ও পরিশোধন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে। পাশাপাশি এটি বিশ্বের অন্যতম আধুনিক ও পরিবেশবান্ধব রিফাইনারি হিসেবেও তৈরি করা হবে বলে দাবি করেছেন তিনি।
এই প্রকল্প ঘিরে কর্মসংস্থানের সম্ভাবনাও তৈরি হচ্ছে। তবে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, আমেরিকান ফার্স্ট নীতি মেনে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন মার্কিন নাগরিকরাই।
অন্যদিকে পশ্চিম এশিয়ায় চলমান সামরিক উত্তেজনার জেরে আন্তর্জাতিক তেল সরবরাহে বড় প্রভাব পড়েছে। বিশেষ করে ইরানের পাশে অবস্থিত হরমুজ প্রণালী দিয়ে বিশ্বে বিপুল পরিমাণ তেল পরিবহণ হয়। বর্তমানে সেই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে।
ফলে বহু তেলবাহী জাহাজ মাঝসমুদ্রে আটকে পড়েছে এবং বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে আমেরিকায় নতুন রিফাইনারি তৈরির ঘোষণা আন্তর্জাতিক জ্বালানি বাজারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, বিশ্বের অন্যতম বৃহৎ তেল শোধনাগারও রিলায়্যান্সের অধীনে রয়েছে। গুজরাটের জামনগরে অবস্থিত সেই রিফাইনারির অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে এবার আমেরিকার মাটিতে বড় জ্বালানি প্রকল্পে বিনিয়োগ করছে সংস্থাটি। বিশ্লেষকদের মতে, এর ফলে ভবিষ্যতে আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন সমীকরণ তৈরি হতে পারে।








