India US trade deal : ভারত-আমেরিকা অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির ঘোষণার মধ্যেই একটি মানচিত্র ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা।
মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ দপ্তরের প্রকাশিত একটি অফিসিয়াল মানচিত্রে জম্মু ও কাশ্মীরের সম্পূর্ণ অঞ্চল, পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK) এবং আকসাই চিনকে ভারতের ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে।
এই মানচিত্রটি ভারত-আমেরিকা অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির কাঠামো ঘোষণার সময় সামাজিক মাধ্যমে শেয়ার করা হয়। সেখানে জম্মু ও কাশ্মীর, লাদাখের আকসাই চিন অঞ্চল এবং অরুণাচল প্রদেশকে ভারতের সীমার মধ্যেই দেখানো হয়েছে।
মার্কিন ট্রেড রিপ্রেজেন্টেটিভ দপ্তর জানায়, এই চুক্তির মাধ্যমে আমেরিকার কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের জন্য ভারতের বাজারে নতুন সুযোগ তৈরি হবে। গাছের বাদাম, শস্য, ফল এবং প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানিতে সুবিধা পাবে মার্কিন সংস্থাগুলি।
যদিও মানচিত্র প্রকাশ নিয়ে আলাদা করে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি, তবুও দীর্ঘদিনের সীমান্ত বিতর্কের প্রেক্ষাপটে এই উপস্থাপনা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক মহল।
২০২০ সালে পাকিস্তান একটি সংশোধিত রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে জম্মু ও কাশ্মীর, লাদাখের অংশ এবং গুজরাটের কিছু অঞ্চল নিজেদের বলে দাবি করেছিল। ভারত সেই দাবি সম্পূর্ণভাবে খারিজ করে দেয়।
চিনও ধারাবাহিকভাবে ভারতের ভূখণ্ড নিয়ে দাবি জানিয়ে এসেছে। ২০২৩ সালে বেজিং প্রকাশিত মানচিত্রে অরুণাচল প্রদেশ ও আকসাই চিনকে চিনের অংশ হিসেবে দেখানো হয়, যা ভারত প্রত্যাখ্যান করে।
এই মানচিত্র প্রকাশের সঙ্গেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয় ভারত-আমেরিকা অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির। চুক্তি অনুযায়ী, ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করা হবে, যা রপ্তানিকারকদের জন্য স্বস্তির খবর।
দুই দেশই জানিয়েছে, দ্রুত এই চুক্তি কার্যকর করা হবে এবং পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলবে। ভবিষ্যতে আরও শুল্ক ছাড়ের বিষয়টিও বিবেচনা করা হবে।
মার্কিন ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার বলেন, এই চুক্তি শুল্ক ও অশুল্ক বাধা কমিয়ে ভারতের বিশাল বাজারে মার্কিন সংস্থাগুলির প্রবেশ সহজ করবে। তিনি ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের ভূমিকারও প্রশংসা করেন।







