SBI Charge Hike Update: ক্রমশ ডিজিটাল লেনদেনের পথে এগোচ্ছে ভারত। অনলাইন পেমেন্টে দেশ জুড়ে উৎসাহ বাড়ছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও সাধারণ মানুষকে ডিজিটাল আর্থিক ব্যবস্থার দিকে আকৃষ্ট করা হচ্ছে। এই পরিস্থিতিতে অনলাইন লেনদেনের নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। নতুন নিয়ম কার্যকর হলে আইএমপিএস (IMPS) পরিষেবায় লাগতে পারে বাড়তি খরচ।
গ্রাহকদের মধ্যে জনপ্রিয় অনলাইন ফান্ড ট্রান্সফার পদ্ধতির তালিকায় আইএমপিএস (IMPS) অনেকটাই উপরে। কয়েক সেকেন্ডেই একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। এতদিন পর্যন্ত এসবিআই গ্রাহকদের ক্ষেত্রে এই পরিষেবায় ৫ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করতে কোনও অতিরিক্ত ফি দিতে হতো না। তবে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে এই সুবিধা আর থাকছে না। নির্দিষ্ট অঙ্কের ওপরে ট্রান্সফার হলে দিতে হবে চার্জ।
ব্যাঙ্কের বিজ্ঞপ্তি অনুযায়ী, নয়া নিয়মে ২৫ হাজার টাকার ওপরে একবারে টাকা পাঠালে সার্ভিস চার্জ ধার্য হবে। ১ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনে দিতে হবে ২ টাকা। ২ লক্ষ টাকা পর্যন্ত পাঠালে খরচ হবে ৬ টাকা। আর সর্বোচ্চ সীমা ৫ লক্ষ টাকায় চার্জ লাগবে ১০ টাকা। প্রতিটি ক্ষেত্রে জিএসটি (GST) যোগ হবে আলাদা করে। উল্লেখ্য, আইএমপিএসের মাধ্যমে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পাঠানো সম্ভব।
তবে ব্যাঙ্কের শাখা পথে আইএমপিএস পরিষেবা ব্যবহার করলে নিয়মে কোনও পরিবর্তন হচ্ছে না। শাখার মাধ্যমে লেনদেন আগের নিয়মেই চালু থাকবে।
১. এসবিআই আইএমপিএস পরিষেবায় কবে থেকে পরিবর্তন কার্যকর হবে?
ব্যাঙ্কের তরফে ঘোষিত নিয়ম অনুযায়ী নতুন চার্জ ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
২. এতদিন পর্যন্ত আইএমপিএস লেনদেনে কি কোনও চার্জ লাগত?
আগে গ্রাহকেরা অনলাইনে ৫ লক্ষ টাকা পর্যন্ত আইএমপিএসের মাধ্যমে টাকা পাঠালে কোনও অতিরিক্ত চার্জ লাগত না।
৩. নতুন নিয়মে কোন অঙ্কের ওপরে সার্ভিস চার্জ দিতে হবে?
নতুন নিয়ম অনুযায়ী একবারে ২৫ হাজার টাকার বেশি পাঠালে চার্জ দিতে হবে।
৪. নতুন চার্জের পরিমাণ কত?
১ লক্ষ টাকা পর্যন্ত ২ টাকা, ২ লক্ষ টাকা পর্যন্ত ৬ টাকা এবং ৫ লক্ষ টাকা পর্যন্ত ১০ টাকা দিতে হবে। প্রতিটি ক্ষেত্রে জিএসটি আলাদা যোগ হবে।
৫. শাখার মাধ্যমে আইএমপিএস করলে কি নিয়ম বদলাবে?
না, ব্যাঙ্কের শাখা পথে আইএমপিএস করলে কোনও নিয়ম পরিবর্তন হচ্ছে না। আগের মতোই পরিষেবা পাওয়া যাবে।







